ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ডিজিএমকে আল্টিমেটাম

author
মেহেরাব ইমরান আকিব, রায়পুর

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ সকাল ১১:০৪
ad003
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি মাসে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ উঠেছে। একই ধরনের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আল্টিমেটাম দিয়েছেন ৭ নং বামনী ইউনিয়নের গ্রাহকরা।

রোববার শতাধিক গ্রাহক রায়পুর জোনাল কার্যালয়ে গিয়ে ডিজিএম মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ধরে বিল পুনঃযাচাই ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

গ্রাহকদের অভিযোগ, গত মাসে যেখানে একজনের বিদ্যুৎ বিল এসেছিল ১০৫ টাকা, সেখানে চলতি মাসে বিল এসেছে প্রায় ১ হাজার ৬০০ টাকা। আবার জুন মাসে যাদের বিদ্যুৎ ব্যবহার ছিল প্রায় ১৩০ ইউনিট, জুলাই মাসে তাদের ব্যবহারের পরিমাণ ৬০০ থেকে ৬৫০ ইউনিট দেখানো হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন উপজেলার বিভিন্ন এলাকার আরও শত-শত গ্রাহক।

গ্রাহকরা জানায়, "গণহারে গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। দ্রুত এসব বিল সংশোধন করে গ্রাহকদের ভোগান্তি দূর করতে হবে। এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম মোশাররফ হোসেন বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিল-সংক্রান্ত বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে রায়পুরের বিভিন্ন এলাকার গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT