বান্দরবানের আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানার কাছে অর্পণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের ১২ জুলাই ২০২৬ তারিখের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এবং প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩–এর মধ্যে দায়িত্ব অর্পণ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় জনসেবা কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের জারি করা পরিপত্রের আলোকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানার কাছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।