কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব সড়কের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় মাছবাহী পিকআপের ধাক্কায় হাসিম মিয়া (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিম মিয়া কটিয়াদী উপজেলার উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত রুসমত আলীর ছেলে। তিনি পেশায় জাল বোনার কারিগর ছিলেন।
গজারিয়া বাজারের ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন জুয়েল বলেন, গ্রামের সংযোগ সড়ক থেকে সাইকেল নিয়ে মূল সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ হাসিম মিয়ার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নবীনুর রহমান বলেন, পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।