পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এস্তেহার বাস্তবায়নের লক্ষে রাজস্থলীর ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পরিবারের মাঝে ফলজ ঔষধী গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে নিবন্ধিত পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধী গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত। সভাপতিত্ব করেন ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী সাব জোন জেসিও সিনিযর ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান , ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, রোজি মালা, রসনাতি ত্রিপুরা, অঙ্গ মালা, সজিব খিয়াং অজয় ত্রিপুরা সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগী। বিতরণ কালে প্রধান অতিথি মেজর হাফিজ বলেন, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ এখনও অনেক কম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, সরকার সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি চারা গ্রহণকারী পরিবারগুলোর প্রতি নিজ নিজ বাড়ির উপযুক্ত স্থানে চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে পরিপূর্ণ গাছে পরিণত করার আহ্বান জানান।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বিতরণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।