হাজারো বৃক্ষের মাঝে নতুন করে আরো সহস্রাধিক বৃক্ষরোপন করে “গ্রীন ইন্ডাস্ট্রি” গড়ে তুলছেন জেকে পলিমার ইন্ডাস্ট্রি। বৃক্ষরোপণ উদ্বোধন করে জেকে পলিমার ইন্ডাস্ট্রির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা, কে এম বাবর।
রোববার দুপুরে তিনি সদর উপজেলার তাড়গ্রামে অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রি সংলগ্ন বিলে মাছের পোনা অবমুক্ত করে জেকে পলিমার ইন্ডাস্ট্রির মাঝে একটি গাছের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন জেকে পলিমার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাড়গ্রাম বিলে ৫শ’ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রি এলাকায় ১ হাজার পিচ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেকে পলিমার ইন্ডাস্ট্রির এমডি মোঃ কামরুজ্জামান সিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী আফিসার কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, জেকে পলিমার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার মোঃ সাঈফুল ইসলাম, ম্যানেজার এ্যাডমিন কুতুবুদ্দিনসহ জেলা বিএনপি ও এর অংগ-সংগঠনের নেতৃবৃন্দ এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল বলেন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই বেঈমানী করলেও গাছ কোন দিন বেঈমানী করেনা। মানুষ বাঁচিয়ে রাখার জন্য নি:স্বার্থ সেবা দেয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, জলবায়ূ স্বাভাবিক রাখে। তাছাড়া আমার এই শিল্প কারখানার শত শত শ্রমিক মাঝেমধ্যে এইসব গাছের নীচে আশ্রয় নিয়ে থাকে। এ কারনে আমি আমার এই শিল্প কারখানার উৎপাদন শেড ব্যাতিত সর্বত্র দেশী-বিদেশী ভিবিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করে “গ্রীন ইন্ডাস্ট্রি” গড়ে তুলতে চেষ্টা করছি।