ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নষ্ট দই ও কাগজপত্রের অনিয়ম: ফুলপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

author
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৭
ad003
ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দখল করে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দোকানপাটও সরিয়ে দেওয়া হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি ও অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। 

অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নষ্ট দই বিক্রির অভিযোগে আল সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের দল বাসস্ট্যান্ড এলাকার সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদারকি করে। জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে সড়কের ওপর বসানো দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। এতে বাসস্ট্যান্ড এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে এবং সড়কে চলাচলের পরিবেশ স্বাভাবিক হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং জনসাধারণের চলাচলের পথ দখল না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। 

অভিযান পরিচালনার সময় ফুলপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন। 

স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যেও আইন মেনে ব্যবসা পরিচালনার প্রবণতা বাড়বে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT