খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের হামলার এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে নগরীর রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
আহতের ভাই সজীব সিকদার অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে প্রকাশ্যে এ ধরনের সহিংস হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন। তিনি ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
লবণচড়া থানার ডিউটি অফিসার এসআই তমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।