শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নৈতিক শিক্ষার বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিশুকে সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার এবং সমাজকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে নয়, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ডোনার এইচ এম রফিকুল ইসলাম কাজল। তিনি বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু শিক্ষক বা পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অভিভাবকেরাও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটি সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।