ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে নতুন সহকারী কমিশনার 'ভূমি' এস এম নুরুল আখতার নিলয়

author
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৪
ad003
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এস এম নুরুল আখতার নিলয়। তিনি বর্তমানে পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি সপ্তাহে দুই দিন মহেশখালী উপজেলা ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বদলিজনিত কারণে অন্যত্র যোগদান করায় পদটি শূন্য হয়ে পড়ে। ফলে ভূমি প্রশাসনের কার্যক্রমে যাতে কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয় এবং নাগরিক সেবা নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে, সে লক্ষ্যে এস এম নুরুল আখতার নিলয়কে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড), এলএনজি টার্মিনালসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কারণে এ অঞ্চলে ভূমির মূল্য, ব্যবহার এবং প্রশাসনিক গুরুত্ব বহুগুণে বেড়েছে।

এর ফলে ভূমি অধিগ্রহণ, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, সরকারি সম্পত্তি রক্ষা, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো দায়িত্বগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবেন। পাশাপাশি নামজারি নিষ্পত্তিতে অযথা বিলম্ব কমানো, দালালচক্রের প্রভাব হ্রাস, সরকারি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনের নিরপেক্ষ প্রয়োগে অগ্রাধিকার দেবেন।

সচেতন নাগরিকরা মনে করছেন, ডিজিটাল ভূমি সেবার কার্যকর বাস্তবায়ন, অনলাইন আবেদন ব্যবস্থার সুষ্ঠু তদারকি, নির্ধারিত সময়ে সেবা প্রদান এবং সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক আচরণ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

সহকারী কমিশনার (ভূমি) একই সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ দায়িত্বের আওতায় তিনি ভূমি-সংক্রান্ত আইন বাস্তবায়ন, সরকারি সম্পত্তি রক্ষায় অভিযান, অবৈধ দখল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এছাড়া উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম তদারকি ও নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা নিশ্চিত করাও তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

স্থানীয়দের আশা, এস এম নুরুল আখতার নিলয়ের প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বে মহেশখালীর ভূমি প্রশাসনে আরও গতি আসবে এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশৃঙ্খল ভূমি ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মহেশখালীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT