ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নাতি রানা (২০)কে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে দাদা নবী হোসেন মৃধা (৭০) মারধরের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস ও পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম । ঘটনাটি ঘটেছে গত রোববার (২৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে ।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় , উস্থি ইউনিয়নের স্থানীয় হাটপাড়া এলাকায় মোঃ শারফুলের ছেলে রানাকে একই এলাকার দুলাল মিয়ার ছেলে রবিনের এক মাস আগেই মোবাইল চুরি অভিযোগে বাড়ি থেকে তুলে আনে রবিন ও তার সহযোগীরা । এরপর হাটপাড়া বাদল মার্কেটের সামনে সড়কে রানাকে গাছের সাথে বেঁধে মারধর করে। খবর পেয়ে দাদা নবী হোসেন মৃধা সেখানে গিয়ে নাতিকে না মেরে পুলিশের হাতে সোপর্দ করার অনুরোধ করেন । এতে ক্ষিপ্ত হয়ে রবিন ও তার সহযোগীরা দাদা নবী হোসেনকেও কিল- ঘুষিসহ মারধর করে । এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা রাতেই নবী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার মৃত ঘোষণা করেন । তিনি জানান নবী হোসেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে ।
নিহতের ভাতিজা জলিল মিয়া জানান,মোবাইল চুরির অভিযোগে চাচা নবী হোসেনের নাতি রানাকে ধরে নিয়ে মারধর করছিল স্থানীয় স্থানীয় কয়েক যুবক। এ খবর শুনে নবী হোসেন তার নাতিকে মারধর থেকে বাঁচাতে গেলে হামলা শিকার হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।
ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।