সখীপুর-বাসাইল আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের নির্দেশনায় সখীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ঝোপ-ঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করেছে সখীপুর উপজেলা ছাত্রদল।
সোমবার (২৭ জুলাই) সখীপুর-গোড়াই সড়কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই ধারে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড় ও আগাছা অপসারণের মাধ্যমে যান চলাচল নিরাপদ করা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সখীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. একাব্বর হোসেনের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপ-ঝাড় অনেক স্থানে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সখীপুর-গোড়াই সড়ক দিয়ে শুরু হলেও উপজেলার ১০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও একই ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।