ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ১২৫ গ্রাম হেরোইনসহ ৩ জন আটক, নারীসহ একজনের বিরুদ্ধে আগের ৭ মামলা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ৫:০০
ad003
নেত্রকোণায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ১২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তিদের মধ্যে ললিতা আক্তার (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে এর আগেও সাতটি মাদক মামলা রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের হেনা ইসলাম কলেজের পূর্ব পাশে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১২৫ গ্রাম হেরোইনসহ রাজশাহীর মতিহার উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মো. সাগর আহমদ (৩৮)কে আটক করা হয়।

ডিএনসির দাবি, সাগর আহমদকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার গরুহাট্টা এলাকার বাসিন্দা মো. মাসুদ (৪২) এবং বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ললিতা আক্তার (৪৫)-কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এছাড়া ললিতা আক্তারের বিরুদ্ধে পূর্বে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অভিযানে একটি সিনথেটিক ব্যাগে থাকা ১২৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন (সিমসহ) এবং একটি যাত্রীবাহী বাসের টিকিট জব্দ করা হয়েছে। জব্দ করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক তিনজন হলেন— রাজশাহীর মতিহার উপজেলার ধর্মপুর এলাকার মো. সাগর আহমদ (৩৮), নেত্রকোণা সদর উপজেলার গরুহাট্টা এলাকার মো. মাসুদ (৪২) এবং বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ললিতা আক্তার (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজকে মাদকমুক্ত করতে জনসাধারণের সহযোগিতাও প্রয়োজন।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT