ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি পৌরসভায় পাঁকা রাস্তার অভাবে শতাধিক পরিবারের চরম ভোগান্তি

author
​কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ৫:২২
ad003
মাদারীপুরের কালকিনি পৌরসভা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে পাকা না হওয়ায় চরম দুর্ভোগ ও যাতায়াত সংকটে পড়েছেন ওই এলাকার শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে জলাবদ্ধতা ও হাঁটুসমান কাদা-পানির সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র এই রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা বর্ষার দিনে নিয়মিত স্কুল, কলেজ ও মাদরাসায় যেতে পারছে না। এছাড়া এই জনপদের অধিকাংশ মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ায় কাঁদা-পানি পেরিয়ে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে গিয়েও প্রতিদিন নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। রাস্তাটির বেহাল দশার কারণে জরুরি মুহূর্তে এলাকার কোনো রোগী বা বয়স্ক মানুষকে হাসপাতালে নেওয়াও অসম্ভব হয়ে পড়ে।

​এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও রাস্তাটি পাকাকরণের কোনো সুফল মেলেনি। একটি কাঁচা রাস্তার অভাবে এলাকার মানুষের জীবনযাত্রা থমকে গেছে। দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

​এ বিষয়ে কালকিনি পৌরসভার পৌর প্রশাসক সাইফ-উল আরেফীন জানান, জনগণের ভোগান্তির বিষয়টি তাদের জানা রয়েছে এবং রাস্তাটির ওয়ার্ক অর্ডার হলেই খুব দ্রুতই রাস্তাটি বাস্তবায়নের কাজ শুরু হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT