ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে

author
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৭
ad003
বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশ্য করে বলেন,  আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে। বিএনপি এটা চায় এবং তারই উদাহরণ হিসেবে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আদিবাসী উদ্ভূত নারী নেত্রী আন্না মিঞ্জকে এমপি মনোনীত করেছে। বিএনপি এভাবে হিন্দু বৌদ্ধ খৃষ্টান পাহাড়িসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বরাদ্দকৃত প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যমানের ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

 বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৫/১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অবকাঠামো ভেঙ্গে দেয়া হয়েছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে। তবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে বিএনপি অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণ,  কৃষক কার্ড'র মাধ্যে কৃষককে উঠে দাঁড়াতে সহযোগিতা করা , শুকিয়ে যাওয়া নদী খাল কেটে খরার মৌসুমের কৃষির জন্য পানি সংরক্ষণ এগুলো তার মধ্যে অন্যতম। তিনি আদিবাসীদের উন্নয়নে প্রধানমন্ত্রীর ১ শ কোটি টাকা বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আদিবাসীদের মধ্যে থেকে উদ্যোক্তা তৈরি করে তাদের উন্নয়ন করা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, আদিবাসীদের জমি যেন কেউ জোর করে কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখা হবে। 

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, সদর ইউএনও খায়রুল ইসলাম,  জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা ।

সদর উপজেলা অফিস জানায়, অনুষ্ঠানে সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বরাদ্দ করা হয়েছে,   বসতঘর ১০ জন ৪৫,৭৫,২৮৫/- টাকা বাইসাইকেল ৪৯ জন ৫,৭৬,৪৮৫/- টাকা, সেলাই মেশিন ৩৩ জন ৩,৮৮,২৩১/- টাকা, শিক্ষাবৃত্তি ৩২৬ জন ১৪,৩৪,০০০/- টাকা সহ সর্বমোট = ৪১৮ জনের মধ্যে ৬৯,৭৪,০০১/- টাকা। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT