নেত্রকোণা শহরের সমাজসেবা অধিদফতরের বহুতল ভবনের একটি লিফটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সাত শিক্ষার্থী ভেতরে আটকা পড়েন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ অভিযানে অল্প সময়ের মধ্যেই তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে শহরের সমাজসেবা অধিদফতরের ছয়তলা ভবনের চতুর্থ তলার কাছে লিফটটি বিকল হয়ে যায়।
এ সময় প্রশিক্ষণে অংশ নিতে আসা সাত শিক্ষার্থী লিফটের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন— মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজসেবা অধিদফতরের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, সকাল ১১টার দিকে তার নেতৃত্বে আট সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিশেষ উদ্ধার সরঞ্জাম হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হয়। সকাল ১১টা ২০ মিনিটের মধ্যেই উদ্ধার কার্যক্রম সফলভাবে শেষ হয়।
তিনি আরও জানান, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। তবে আটকে পড়া সাত শিক্ষার্থীর কেউ আহত হননি। নিরাপদে উদ্ধার হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
এ ঘটনায় ভবনের লিফটের কারিগরি নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষারের বিষয়টি নতুন করে গুরুত্বের সঙ্গে সামনে এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।