গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ক্রোড়গাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।
স্থানীয়রা জানান, গোলাম মওলা দীর্ঘদিন যাবত গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর আছড়ে পড়ে। এ সময় গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, গাছ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছ সরাতে গিয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।