ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিপ্লাস টুথপেস্ট নিয়ে ইএসডিও-র প্রতিবেদন প্রত্যাখ্যান করলো এনফোর্ডস বাংলাদেশ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৪
ad003
পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) কর্তৃক সম্প্রতি টুথপেস্ট নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য ও ফলাফল সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভুল বলে প্রত্যাখ্যান করেছে মেডিপ্লাস টুথপেস্টের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এনফোর্ডস বাংলাদেশ লিমিটেড’। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের উৎপাদিত মেডিপ্লাস টুথপেস্টে ক্ষতিকর কোনো মাইক্রোপ্লাস্টিক থাকার সুযোগ নেই।

এক লিখিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এনফোর্ডস বাংলাদেশ জানায়, টুথপেস্ট তৈরি এবং এর গুণগত মান নিশ্চিত করতে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা, সঠিক শিল্পমান এবং প্রচলিত সকল নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ করে থাকে। বিশ্বব্যাপী নিরাপদ ও স্বীকৃত উপাদানসমূহ ব্যবহার করেই এ টুথপেস্ট বাজারে আনা হয়, যা বাংলাদেশ ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) নিয়মিত রপ্তানি ও বাজারজাত করা হচ্ছে।

ভোক্তাদের আশ্বস্ত করে প্রতিষ্ঠানটি মেডিপ্লাসে ব্যবহৃত মূল উপাদানগুলোর বিস্তারিত প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুথপেস্টটিতে ঘনত্ব বৃদ্ধিতে কার্বক্সিমিথাইল সেলুলোজ (সিএমসি), আর্দ্রতা রক্ষায় গ্লিসারিন, সরবিটল ও প্রোপেনডিওল এবং অ্যাব্রেসিভ হিসেবে হাইড্রেটেড সিলিকা ব্যবহার করা হয়। এছাড়া সারফ্যাক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত সোডিয়াম লরিল সালফেট (এসএলএস) সরকারি নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। দাঁতের সুরক্ষায় এতে সক্রিয় উপাদান সোডিয়াম মনোফ্লুরোফসফেট ও পটাশিয়াম সাইট্রেট এবং ফ্লেভার ব্যবহার করা হয়।

এনফোর্ডস বাংলাদেশের মতে, এসব উপাদান আন্তর্জাতিক ফর্মুলেশন অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ এবং এগুলো বিশ্লেষণ করলে মাইক্রোপ্লাস্টিকের কোনো উপস্থিতি পাওয়ার সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত এই প্রতিবেদনে ভোক্তাদের মধ্যে অহেতুক বিভ্রান্তি ছড়াতে পারে বলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি যেকোনো স্বচ্ছ, বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য এবং স্বাধীনভাবে যাচাইযোগ্য মূল্যায়নকে স্বাগত জানানোর কথা উল্লেখ করে। প্রয়োজনে যথাযথ প্রমাণভিত্তিক মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এনফোর্ডস বাংলাদেশ। একই সাথে গ্রাহক ও ভোক্তাসাধারণকে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে কোম্পানির ওপর আগের মতোই আস্থা বজায় রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT