দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে ফার্স্ট ফাইন্যান্স পিএলসি। বিশেষ করে খেলাপি ঋণ (নন-পারফর্মিং লোন — এনপিএল) পুনরুদ্ধারে গৃহীত ধারাবাহিক উদ্যোগ এবং কঠোর তদারকির ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির এনপিএল হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালনা পর্ষদের নীতিগত দিকনির্দেশনা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. আব্দুল বারীর প্রত্যক্ষ তদারকি এবং প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় ঋণ পুনরুদ্ধার কার্যক্রমে নতুন গতি এসেছে। নিয়মিত পর্যালোচনা, ঝুঁকিভিত্তিক অনুসরণ, গ্রাহকদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়েছে। এর ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
খেলাপি ঋণ কমার পাশাপাশি আমানতকারীদের পাওনা যথাসময়ে পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে নতুন আমানতের প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ফার্স্ট ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. আব্দুল বারী বলেন, "আমরা খেলাপি ঋণ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় এবং আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় প্রতিটি গুরুত্বপূর্ণ ঋণ হিসাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে এনপিএল কমানোর ক্ষেত্রে আমরা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছি। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, সময়মতো দায় পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "বর্তমান ইতিবাচক ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ফার্স্ট ফাইন্যান্স পুনরায় মুনাফায় ফিরতে সক্ষম হবে। পরবর্তী সময়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের সক্ষমতাও অর্জন করবে বলে আমরা আশাবাদী। এই অর্জন পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, ব্যবস্থাপনার কার্যকর নেতৃত্ব এবং প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল।"
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচালনা পর্ষদের নীতিগত সহায়তা, ব্যবস্থাপনার কার্যকর নেতৃত্ব, খেলাপি ঋণ পুনরুদ্ধারে কঠোর নজরদারি এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ফার্স্ট ফাইন্যান্স পিএলসি ধীরে ধীরে একটি স্থিতিশীল, আস্থাশীল ও লাভজনক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।