ময়মনসিংহের গফরগাঁওয়ে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক মাছ ব্যাবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । এ ঘটনায় বুধবার দুপুরে নিহত মোফাচ্ছেলের পিতা মোজাম্মেল হক বাদী হয়ে তপনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ।
নিহত মোফাচ্ছেল ঐ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি মাছের রেণু পোনা উৎপাদন ও ব্যবসা করতেন।
থানায় দায়ের করা মামলা , নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় , গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সুমপাড়া মড়লবাড়ী এলাকার তোফাজ্জল হোসেন ওরফে তপন গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোফাচ্ছেলকে তার বাড়ি কাছে মাছের ঘেরে মুঠোফোনে কল করে ডেকে আনেন । পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে । গুরুতর আহত অবস্থায় স্বজনেরা প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে মোফাচ্ছেলের মৃত্যু হয়। এলাকায় মৃত্যর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেনে তপনের বাড়িতে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও সার্কেলকে অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন, ব্যাবসায়ী মোফাচ্ছেল হত্যার ঘটনায় অভিযুক্ত তপনকে আটক করা হয়েছে । তপনের স্ত্রীর সাথে তার ভগ্নিপতির পরকিয়ায় সম্পর্কের কারণে ভগ্নিপতিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তপন।
পরে মোফাচ্ছেলের বাড়িতে আশ্রয় নেয় তার ভগ্নিপতি । এ ঘটনার জেরে মুঠোফোনে কল করে বাড়ি থেকে ডেকে এনে মোফাচ্ছেলকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ।