ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়ানী-বাঘায় পৌর অনুমতি ছাড়াই বিলাসবহুল ভবন,নকশা বহির্ভূত নির্মাণে ঝুঁকি

author
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ১:৩৩
ad003
আড়ানী ও বাঘা পৌরসভা এলাকায় অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। পৌর কর্তৃপক্ষের কঠোর নজরদারি না থাকায় নিয়ম ভেঙে চলছে বিলাসবহুল ভবন নির্মাণের কাজ।

সরেজমিনে আড়ানী পৌরসভার মাস্টার পাড়া ও বাঘা পৌরসভার মিলিক বাঘা এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভার অনুমতি ছাড়াই একাধিক ভবনের নির্মাণ কাজ চলছে। আড়ানী পৌরসভার মাস্টার পাড়ায় একটি বিলাসবহুল ভবনের নির্মাণ কাজ চলছে। ওই পাড়ার মুক্তি রানীর জমির পশ্চিম পাশে বাড়িটি করছেন পিন্টু সরকার। দেখভাল করছেন তার ভাই সাইফুল ইসলাম। নির্মাণাধীন ওই বাড়িটির নকশা অনুমোদন আছে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে। সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য নেওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নকশা বহির্ভূত নির্মাণের কারণে সড়ক সরু হয়ে যাচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহের রানা বলেন, গত এপ্রিল মাসে মিটিং করে ১২টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। আরও ৫টি আবেদন জমা পড়েছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।

বাঘা পৌরসভার সহকারী প্রকৌশলী মুকুল হোসেন বলেন, "অনুমোদনহীন ভবন মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে। শতাধিক ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT