চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তে চার সদস্যের সংঘবদ্ধ চোরাই চক্রকে চুরি হওয়া একটি এক্সকাভেটরসহ গ্রেফতার করেছে র্যাব-৬, খুলনা ও র্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) রাত ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বকুলতলা মোড় সংলগ্ন মীনা বাড়ি ও শামীমের পাটের গুদাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদগাঁও থানার চুরি মামলার তদন্তে সন্দেহভাজন চার আসামিকে চুরি হওয়া একটি এক্সকাভেটরসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. ইকবাল হোসেন (৩৫), ওয়াহিদ (২৫), মো. ইকরাম হোসেন (৪৬) এবং মো. আব্দুর শুকুর (৩২)।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এক্সকাভেটরসহ তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।