গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে অবসরে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৩০ জুলাই থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসরকালীন সুবিধা হিসেবে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্ট হিসেবে দেওয়া হবে। পাশাপাশি ২০২৬ সালের ৩১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।
বিধি অনুযায়ী, অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সব ধরনের সুবিধা পাবেন মো. নজরুল ইসলাম।
মো. নজরুল ইসলাম ২০২৫ সালের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।