কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্ট সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরও বাতিল করা হয়েছে।
আগামী শনিবার (১ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (২৯ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত জানানো হয়।
আকস্মিক এ সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।
কনসার্ট বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে জানানো হয়, সব টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেয়া হবে।