মাদারীপুরের কালকিনি ও ডাসারে তিন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা এসব সহায়তা পৌঁছে দেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছে ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী বোনের পরিবার এবং কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিউল শেখের পরিবার। বাবার মৃত্যুর পর রবিউল বাদাম বিক্রি করে নিজের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছে। এমপির প্রতিনিধিরা জানান, তার লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন সংসদ সদস্য।
এমপির প্রতিনিধি নুরুজ্জামান তালুকদার বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় সমাজসেবক ইরান তালুকদার, আতিকুর রহমান আজাদ, নাজমুল হাসান, মেহেদী হাসান, রেদোয়ান হাসান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।