ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, গাড়ির কাচ ভাঙচুর

author
সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ১১:১৭
ad003
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। 
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলা গেইটসংলগ্ন নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় একটি গাড়ির কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, সকালে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা হেতিমগঞ্জ বাজারে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে রওয়ানা দেন। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়।

দলটির দাবি, হামলার পর নেতারা হেতিমগঞ্জে না গিয়ে সিলেট সার্কিট হাউসের দিকে রওয়ানা দিলে বাইপাস এলাকায় আবারও তাদের গাড়িবহরে হামলার চেষ্টা করা হয়। ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।

এনসিপির অভিযোগ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয় বলেও দাবি করেছে দলটি। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠিয়েছে।

এদিকে একই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা প্রয়োজন। বিচার ও সংস্কার ছাড়া দেশের কারও নিরাপদ ভবিষ্যৎ নেই বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায়ও দলটির নেতাদের গাড়িবহর একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT