ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা দ্রুত বাস্তবায়ন করা হবে: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ বিকেল ৪:১০
ad003
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত নির্ধারিত স্থান কান্দিপাড়া সংলগ্ন উস্থি ইউনিয়নের জে এল নম্বর ১৪৩-এর নয়াবাড়ি মৌজা সরেজমিন পরিদর্শন করেন  । 

দপ্তরের স্থান, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের পরিবেশ এবং সরকারি স্থাপনা নির্মাণের সম্ভাব্য বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার স্থানীয় জনগণের মতামত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দক্ষিণ গফরগাঁও উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবি এবং এ বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এ দিকে বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে সকাল থেকেই দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ কান্দিপাড়া ও নয়াবাড়ি মৌজা এলাকায় সমবেত হন।বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাঁদের অবস্থান তুলে ধরেন। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন উপজেলার সদর দপ্তরের স্থান পরিদর্শনের খবরে তাঁরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের কাছে  দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন এবং উপজেলা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালুর দাবি জানান এবং নিকার সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্থানীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT