খুলনা মহানগরীর খান জাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা ৬ নম্বর ওয়ার্ড এলাকায় কথিত মাদক ব্যবসায়ী শাবানার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং হামলার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গত ২৮ জুলাই বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে খান জাহান আলী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এলাকার উচ্ছৃঙ্খল কতিপয় ব্যক্তি পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে, টহল গাড়ি ভাঙচুর চালায় এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৪, তারিখ ২৮/০৭/২০২৬ দায়ের করেছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন, খান জাহান আলী থানা বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জিয়া, খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তাজিম আহম্মদসহ আরও কয়েকজন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।