নেত্রকোণার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়ে আটটি স্টিলের নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পৃথক মামলায় সাতজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও নদ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে পৃথক ছয়টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. তারা মিয়া (২৮) নামে একজনকে আইনের ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. আমজাদ (২৮)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ইদ্রিস মড়ল (৫৫) উপজেলার আমগড়া গ্রামের, মো. রতন মিয়া (৪০) বৈদ্যগাঁও গ্রামের, আব্দুল ওয়াদুদ তাহিরপুর উপজেলার শাহাগঞ্জ এলাকার, মোহাম্মদ আলী (৩০) রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামের, নান্টু সরকার মধ্যনগরের শিবরামপুর এলাকার, প্রবেশ সরকার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাবাড়ীপাড়া এলাকার, মো. তারা মিয়া রংছাতি ইউনিয়নের মনিরামপুর গ্রামের এবং মো. আমজাদ সাকুয়া ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি স্টিলের নৌকা এবং আনুমানিক এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু জনসম্মুখে পুনরায় মহাদেও নদে ফেলে দেওয়া হয়। জব্দ করা নৌকাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে মহাদেও নদসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।