ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোসল করতে নেমেই নিভে গেল প্রাণ, মোহনগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ ভোর ৪:৪২
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার ওই গ্রামের মোহাম্মদ বিদ্যা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় লামিয়া। বেশ কিছু সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT