ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তৈরীকৃত ১৯৬৮ পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির বিভিন্ন ধরণের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, রাজধানীর বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার বাসিন্দা মোঃ আলমগীর ওরপে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার মোঃ আলী আরমান (৩৬), ঢাকার সাভার থানার মোঃ শাহজাহান (৪০) ও আদাবর থানার রিংরোড এলাকার বাসিন্দা সোনিয়া (৩০)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) মোহাঃ আসাদুজ্জামান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যেরচর দক্ষিণ বালুচর এলাকায় একটি ইয়াবা প্রস্তুত ও ক্রয়-বিক্রয় চক্রের আস্তানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নিজেরাই ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ইয়াবা উৎপাদন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবকে অবহিত করার জন্যও আহ্বান জানান র্যাবের ওই কর্মকর্তা।