ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ২০

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
ad003
চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. জিল্লুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১৮ থেকে ২০ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম সরল বেড়িবাঁধসংলগ্ন তাজুরঘোনা এলাকায় স্থানীয় প্রভাবশালী কবির গ্রুপ ও মনছুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত যুবক মো. জিল্লুর রহমান উপজেলার সরল ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর সরল এলাকার রব্বইত্তার বাড়ির আব্দুল আলীর ছেলে। নিহত যুবক মনছুর গ্রুপের সদস্য।

এ ঘটনায় মনছুর গ্রুপের অন্যান্য গুলিবিদ্ধ গুরুতর আহতরা হলেন- মোহাম্মদ এনাম, হেলাল উদ্দিন, মোহাম্মদ কাইছার ও বেলাল। এ ঘটনায় দু'পক্ষের অন্যান্য আহতরা গোপনে বাঁশখালী ও নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ায় নাম-পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, 'শুক্রবার ভোররাতে মনছুর গ্রুপের লোকজন মাছের ঘেরে মাছ ধরতে গেলে স্থানীয় কবির গ্রুপের লোকজন অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় মনছুর গ্রুপের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় জিল্লুর রহমানকে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, 'খাসজমিতে গড়ে ওঠা মাছের ঘের দখল এবং ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কবির গ্রুপ ও মনছুর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রায়শই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ভোরেও উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এদিকে ভোর থেকে ঘটনাস্থলে শতাধিক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার (ওসি) রবিউল হক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, 'গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী থেকে তিন যুবককে হাসপাতালে আনা হয়। এরমধ্যে জিল্লুর রহমান নামে গুলিবিদ্ধ একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, 'শুক্রবার ভোরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।'

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, 'সকাল থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'#

ছবি: ক্যাপশন> ১: বাঁশখালীতে মাছঘের দখল নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত যুবক জিল্লুর রহমান।

ছবি: ক্যাপশন> ২: বাঁশখালীর সরলে দু'পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র এলাকায় অভিযান চালাচ্ছেন পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT