ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ১৮ মামলার আসামি 'পিচ্চি আকাশ'সহ গ্রেপ্তার ৭

author
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ দুপুর ১:২৮
ad003
গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত চাঁদাবাজ ও ১৮টি মামলার আসামি মো. আকাশ ওরফে 'পিচ্চি আকাশ' (২৭)-সহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত পিচ্চি আকাশ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গ্রেপ্তার হওয়া অপর ৬ সদস্য হলেন— গাজীপুরের কালিয়াকৈরের মো. নাদিম (২২), মো. সুমন হোসেন (২২), লালমনিরহাটের মো. লিমন হোসেন (২৪), কালিয়াকৈরের মো. বাবু আলী (৩২) এবং টাঙ্গাইলের মো. নাইবুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গাজীপুর জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)-এর নেতৃত্বে কালিয়াকৈর থানা-পুলিশের একটি দল ৩০ জুলাই রাত ৯টা ১৫ মিনিটে জামালপুর সদর থানার কামালখান ইউনিয়নের তিতপল্লা এলাকার একটি ভবনে অভিযান চালায়। সেখান থেকে মূল হোতা পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিচ্চি আকাশ স্বীকার করেন যে, তিনি ও তার গ্যাং মোটরসাইকেলযোগে বিভিন্ন কারখানায় গিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। তার ভয়ে স্থানীয় বাসিন্দা ও কারখানা কর্তৃপক্ষ মামলা করার সাহস পেত না।

পরে আকাশের দেয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের হরতকীতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রামীণ ইন্ডাস্ট্রিজের বিপরীতে একটি দোকানের পিছনের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো ৩টি লোহার হাসুয়া, ১টি চাপাতি, একটি কাঠের লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর চক্রের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সম্প্রতি জমিদারী হোটেলে ডাকাতির প্রস্তুতির ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় কালিয়াকৈর থানায় নতুন করে অস্ত্র মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT