ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো: আফফান মেহেদী। তার বয়স ২ বছর ৬ মাস।
শুক্রবার(৩১ জুলাই) বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফনান উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর জঙ্গলঘোনা গ্রামের প্রবাসী মো আরিফ হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে পশ্চিম সাহেবনগরে রিটু মিয়ার বাড়িতে মেয়ে বিলকিস আক্তার তার ছেলে আফফানকে নিয়ে বেড়াতে যান। দুপুর আনুমানিক ২ টার দিকে অসাবধানতা বশত বাড়ির পাশের পুকুরে পড়ে যান আফফান। তাকে দীর্ঘ সময় খোঁজাখুজি করার পর পুকুর থেকে উদ্ধার করা হয়।পরে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জরুরী বিভাগের চিকিৎসক দেবাশীষ ভৌমিক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম জানান,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।