বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রমনা, ঢাকার সম্মানিত সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী শুক্রবার (৩১ জুলাই) খুলনা রেঞ্জ পুলিশ কর্তৃক গৃহীত সামাজিক মৎস্যায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, খুলনা রেঞ্জের সভানেত্রী উম্মে হাসনাত শাহনাজ। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ, তানভীন সুমি, নাজমুন নাহার, খন্দকার আইরিন পারভীন ও শারমীন সিদ্দিকা, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমাসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নাসিমা ফেরদৌসী বলেন, “মাছ আমাদের প্রধান আমিষের উৎস এবং ‘মাছে-ভাতে বাঙালি’ আমাদের চিরন্তন ঐতিহ্য। এ ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং অর্থনৈতিক মুক্তির পথকে আরও সুগম করতে সামাজিক মৎস্যায়ন আজ সময়ের দাবি।তিনি সামাজিক মৎস্যায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং জনসম্পৃক্ত উদ্যোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) একেএম মোশাররফ হোসেন মিয়াজী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক মৎস্যায়নের মাধ্যমে সরকারি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে।