রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে জাল ভিসা, থাই (থাইল্যান্ড) ভিসা, লোন ও লটারির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা, একাধিক মোবাইল ফোন, কথিত জাল ভিসাসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জুলাই) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার ১নম্বর আলমপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শেরমস্ত পশ্চিম পাড়ায় পরিচালিত এ অভিযানে মো. আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার বাড়ি থেকে ৪টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, কথিত জাল ভিসা, লোন ও লটারি সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল সালামের ছোট ভাই সিয়াম ও বাবা মোজাহারুলকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, উদ্ধার হওয়া ভুঁয়া বিকাশ সিমের মাধ্যমে প্রায় ১১ কোটি টাকার লেন-দেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফোনে বিভিন্ন অন-লাইন ক্যাসিনো ওয়েব-সাইটের অ্যাকাউন্ট, বিদেশি নম্বরে ব্যবহৃত ইমো ও হোয়াটসঅ্যাপ এবং প্রতারণা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় একই গ্রামের এক নারীসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি’ পুলিশ।
এরআগে একজন ভুক্তভোগীর করা প্রায় ৮ লাখ টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে তারাগঞ্জ থানায় মামলা দায়ের হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।