ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজের অঙ্গীকারে ৩ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ, ব্যতিক্রমী উদ্যোগ ফাইভ ব্রাদার্সের

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ১১:১৫
ad003
‘সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রোয়াইলবাড়ি বাজারের এ. ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী।

সংগঠনের ‘ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট’-এর আওতায় রোয়াইলবাড়ি বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে বলে জানানো হয়।

ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মুখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ও সদ্য বিসিএস ক্যাডার আশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু) এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রশাসক রহিমা খাতুন।

অনুষ্ঠানে সংগঠনের পরিচালক ও সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব গ্রহণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা। বৃক্ষরোপণ কর্মসূচিও সেই ধারাবাহিক সামাজিক উদ্যোগেরই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি এ ধরনের সামাজিক উদ্যোগ সফল করতে সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঁইয়া (সুরুজ আলী), সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT