ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত

author
নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৩৪
ad003
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতে মিজান মিয়া (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে মনোহরদীর বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মিজান মিয়া স্থানীয় বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া এলাকার সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। অপরদিকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত শহীদুল্লাহ (৬৫) একই এলাকার সুন্দর আলীর ছেলে। তিনি ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি।

নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান এবং  শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এই বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত শহীদুল্লাহ মেনে নেয় নি।

এমন পরিস্থিতিতে গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় শহীদুল্লাহ ও তার ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়েন এবং আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকাল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন,  দুপুরে মিজান নামে একজনকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ পোস্ট মর্টেমের রিপোর্ট তৈরি হওয়ার আগে বলা যাবে না।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তারা উভয়ে চাচা ভাতিজা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT