ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৬
ad003
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নিয়ে আলোচনা না হলেও নির্দিষ্ট সময়ের আগেই দেশের ২৩তম রাষ্ট্রপতি চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছেন নীতিনির্ধারকরা। এছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারম্যানকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। 

সালাহউদ্দিন আহমদ বলেন, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, তফসিল ঘোষনার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য রাতে বলেন, স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্বাচনের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যন্ত করেছে। এটি এখন বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব। তিনি যদি দলের ভেতরে বা বাইরে কারো সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করেন, তবে সেটি সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। এ ক্ষেত্রে পরামর্শ করার কোনো বাধ্যবাধকতা নেই।

স্থায়ী কমিটির আরেকজন সদস্য জানান, প্রার্থীর নাম ঘোষণার জন্য বৈঠকে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি, কারণ এটি নির্বাচন কমিশনের তফসিল ও সংসদীয় প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটের সময়সূচি ঘোষণা করবে। যদি কেবল একজনই বৈধ প্রার্থী থাকেন, তবে সংসদে ভোট ছাড়াই ফল ঘোষণা করা সম্ভব। আর যদি একাধিক প্রার্থী থাকেন, তবে সংসদে ভোটের প্রয়োজন হবে।’

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপি স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও  ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT