সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুঃ জাকির হোসেনের বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনো দিনই অফিসে আসেননি বলে অভিযোগ উঠেছে।
এতে করে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা সেবা প্রত্যাশী লোকজন তার কার্যালয় থেকে যথাযথ সেবা না পেয়ে চরম হতাশা নিয়ে বাড়ি চলে যেতে হয় বলেও অনেক সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রিপরিষদের পরিপত্র অনুযায়ী সকাল ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া আছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ কক্ষে উপস্থিত থাকতে বলা হলেও ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুঃ জাকির হোসেন প্রতিদিনই এ নিয়মকে উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো সময়ে অফিসে আসেন।
অন্যদিকে, চলতি অর্থ বছরে এ উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের দেওয়া ৫৫টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত প্রায় ৫৭ লাখ টাকার উন্নয়ন কাজ চলমান থাকলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন সেগুলো যথাযথ তদারকি না করায় প্রকল্প কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১২ টা পেরিয়ে গেলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু: জাকির হোসেন তার কক্ষে আসেননি। খালি পড়ে আছে তাঁর চেয়ার।
বিভিন্ন এলাকা থেকে তার দপ্তরে গুরুত্বপূর্ণ কাজে আসা ৭-৮ জন লোক বারান্দায় দাঁড়িয়ে ওই কর্মকর্তার জন্য অপেক্ষা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অপেক্ষমাণ সেবাপ্রত্যাশী জানান, এই কর্মকর্তা নির্দিষ্ট সময়ে অফিসে না আসার পাশাপাশি সপ্তাহের বেশির ভাগ দিনই তিনি অফিসে অনুপস্থিত থাকেন। এতে আমাদের এলাকার রাস্তা, মসজিদ, মাদরাসা, গোরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে নানান বাধার সম্মুখিন হতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.জাকির হোসেন অফিসে অনুপস্থিতির বিষয়ে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি সদুত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।