ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে প্রাক্তন ও সদ্য হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

author
কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৩
ad003
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাক্তন এবং সদ্য পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজীদের সম্মানে সংবর্ধনা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মাওলানা মো. আবু তালিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্জ ফরিদ উদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ওবায়দুল্লাহ পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কালীগঞ্জ মোটর মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্জ আব্দুল মান্নান।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র হজের তাৎপর্য ও শিক্ষা তুলে ধরে বলেন, হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, সাম্য ও তাকওয়া অর্জনের এক অনন্য মাধ্যম। হজ থেকে অর্জিত আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, হজ মানুষকে আল্লাহভীতি, সহনশীলতা, মানবসেবা এবং পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এসব মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রাক্তন ও সদ্য হজ পালনকারী হাজীবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মতি নুজ্জামান মিঠু।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সদ্য হজ পালনকারীসহ সকল হাজীর হজ কবুল হওয়ার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT