ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার গ্রেফতার

author
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ দুপুর ২:১০
ad003
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত, কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার (২ আগস্ট) ভোরে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার  করা হয়।

কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা থেকে পালিয়ে যান।পরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে কাশিয়ানী থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতনের সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর অপমান ও লোকলজ্জার কারণে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT