ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ফজলুল হক

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ দুপুর ৩:১০
ad003
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. ফজলুল হক। রোববার (২ আগস্ট) সকালে রাজধানী মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণ করার পর তিনি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। 

ফজলুল হক নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং সাবেক সভাপতি। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এর পরিচালনা পর্ষদের সদস্য এবং এর আগে তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়ী মহল থেকেই প্রশাসক নিয়োগ দিতে হবে ব্যবসায়ীদের এমন দাবির পরিপ্রেক্ষিতেই এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে এই ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর পদটি শূন্য হলে গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হয় সংগঠনটির বেশ কিছু সদস্য। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তখনকার সভাপতি মাহবুবুল আলম। একই বছরের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হাফিজুর রহমানের মেয়াদকালেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এরপর একাধিক ব্যবসায়ী বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করলে আর নির্বাচন করা সম্ভব হয়নি। এরপর ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। 

সে সময় এফবিসিসিআইয়ের বেশ কিছু সদস্য এই সংগঠনে ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। তখন আবদুর রহিম খান সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT