বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬।
রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি— এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের ব্যাপক সাড়া এবং অংশগ্রহণের অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও বৃহত্তর পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথম আসরের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু সীমাবদ্ধতা দূর করে বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা এবং সামগ্রিক আয়োজনকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আইডেব ওয়েবসাইট (www.idabaward.com)-এর মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার এবং স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়নের ধাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম ও আইডেব-এর নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।