ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে শিক্ষকদের ধারাবাহিক শিক্ষা ও উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

author
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৯:৩৩
ad003
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ধারাবাহিক আত্মউন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় কৃষি অনুষদের ডিনস কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভুঁঞা এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

আইকিউএসি-এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজার সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের ধারাবাহিক শেখার প্রক্রিয়া এবং আত্মমূল্যায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “আমরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

তিনি বলেন, বাকৃবির ১০টি ডিগ্রির সব গ্র্যাজুয়েটের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদেরও আরও দক্ষ ও মানসম্পন্ন হতে হবে। গুণগত মান অর্জনের কোনো শেষ নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি সারাজীবন শেখার প্রক্রিয়ার মধ্যেই থাকেন। তাই আত্মউন্নয়নের ধারাবাহিকতায় শিক্ষকদের এগিয়ে যেতে হবে।

তিনি আত্মমূল্যায়ন সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করে স্বীকৃতির জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আইকিউএসি সেলের গত দুই বছরের কর্মকাণ্ডের প্রশংসা করে কর্মশালার সফলতা কামনা করেন।

দিনব্যাপী এ কর্মশালায় বাকৃবির ছয়টি অনুষদ ও পাঁচটি ইনস্টিটিউটের মোট ১৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT