ঢাকার কেরানীগঞ্জে একের পর মিলছে ইয়াবা তৈরির কারখানার সন্ধান। অভিযানের তিন দিন না পেরোতেই এবার দক্ষিণ কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এঘটনায় একজন ডিলার ও একজন ইয়াবা তৈরির কেমিস্ট কাম ডিলারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি কাঁচামাল, ৩১,২৭২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন, ফয়সাল ইসলাম মিঠু (৪২) ও নাছির (৪৫)।
সোমবার (৩ আগষ্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান।
তিনি জানান, গত রবিবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর বছিলা হাউজিং থেকে ১১,৭৫৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে তার নিজ বাড়ি থেকে ইয়াবা তৈরির ১টি মেশিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যে মতে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা কারখানায় অভিযান চালায় র্যাব। এসময় ওই কারখানার মালিক, ডিলার কাম কেমিস্ট নাছিরকে গ্রেফতার করে তার কারখানা থেকে ১টি ইয়াবা তৈরির মেশিন, ইয়াবা তৈরির ১৭ কেজি কাঁচামাল ও ১৯,৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা নিজেরাই ইয়াবা তৈরি করে নিজেরাই ডিলার হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বাজারজাত করে আসছিল।