ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৩
ad003
খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, “প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের দায়িত্ব প্রকৃতিকে বাঁচানো। আর প্রকৃতি রক্ষার প্রধান উপায় হলো বেশি বেশি গাছ লাগানো।

সোমবার (৩ আগস্ট) ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক পরিবারকে বাড়ির খালি জায়গায় অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মোঃ মাহফুজ হোসেন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করে ডিআইজি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। এতে মেধারও বিকাশ হবে এবং তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা রেঞ্জে যোগদানের পর থেকেই ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, “আমি চাই সমাজের প্রতিটি মানুষ বাড়ির খালি জায়গায় অন্তত একটি করে গাছ রোপণ করুক। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT