ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে অবৈধভাবে টয়লেট্রিজ পণ্য উৎপাদন, হেনা কনজুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

author
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ দুপুর ২:১৮
ad003
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে জীবননগর উপজেলার পিয়ারাতলা এলাকায় অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মো. মাসুদ রানার মালিকানাধীন হেনা কনজুমার প্রোডাক্টস যথাযথ লাইসেন্স ছাড়া এবং মিথ্যা তথ্য দিয়ে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং র‌্যাবের সদস্যরা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT