ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সৈকতে ড্রোন বিস্ফোরণে নিহত ৭

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ সকাল ৯:২৪
ad003
রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

মঙ্গলবার কৃষ্ণসাগর উপকূলের ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে এ ঘটনা ঘটে। জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে তখন সৈকত ও সমুদ্রে অনেক পর্যটক অবস্থান করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন পাহাড়ঘেঁষা এলাকা দিয়ে দ্রুতগতিতে উড়ে এসে সৈকতের ওপর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এ ঘটনাকে বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা দাবি করে এর জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকেই উভয় পক্ষ বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

ড্রোনটির প্রকৃত লক্ষ্য কী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে বিধ্বস্ত হতে পারে।

এদিকে রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে, বিস্ফোরণের আগে মেশিনগানের মতো গুলির শব্দ শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT