লক্ষ্মীপুর জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারি দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য পৌর শহরের নিকটবর্তী এলাকায় প্রায় ১৫০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শিগগিরই শুরু হবে। এছাড়া লক্ষ্মীপুর নার্সিং কলেজ ও মেডিকেল কলেজের কার্যক্রমও দ্রুত শুরু হবে।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ হয়ে গৌরীপুর পর্যন্ত ৩৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমিসহ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার প্রচেষ্টায় জেলার জন্য গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প আনা হয়েছে। কিন্তু সরকারি দপ্তরগুলোর আন্তরিকতা না থাকলে নির্ধারিত সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।”
তিনি সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।