লক্ষ্মীপুরের রাখালিয়া বাজার এলাকায় ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি রাখালিয়া শাখার উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রমের’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ধারণাকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পূবালী ব্যাংক পিএলসি রাখালিয়া শাখার শাখা প্রধান জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বি. এম. ইউসুফ জালাল কিসমত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রায়পুর শাখার শাখা প্রধান রতন চন্দ্র দাস, রাখালিয়া বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করছে। ‘বাংলা কিউআর’ ব্যবস্থার মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ডিজিটাল লেনদেন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক শুভযাত্রা বের করা হয়।